ফাইল ছবি
অভিনেত্রী তাসনিয়া ফারিণ বর্তমানে কলকাতায় অবস্থান করছেন। দীর্ঘ প্রতীক্ষিত ‘প্রিন্স’ চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিতেই তার এই সফর। এর আগে অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ সিনেমায় অভিনয় করলেও, এবারই প্রথম কলকাতার অলিগলিতে পুরোপুরি শুটিং করার অভিজ্ঞতা পাচ্ছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শুটিংয়ের ব্যস্ততার মধ্যেও কলকাতার রূপ-রসে মুগ্ধতার কথা জানান ফারিণ। বিশেষ করে হিন্দুস্তান পার্ক এলাকার ক্যাফে কালচার তাকে বেশ আকর্ষণ করেছে। তিনি বলেন, ‘শুটিংয়ের জন্য ঘোরাঘুরি খুব কম হচ্ছে, তবে কলকাতার ক্যাফে কালচারটা খুব ভালো লাগে। স্পেশালি ওই হিন্দুস্তান পার্কের ওই রাস্তায় যে পরিমাণ ক্যাফে আছে, মনে হয় এক মাস ঘুরলেও শেষ হবে না।’
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কাজের ধরন নিয়ে তার মন্তব্য, ‘যেহেতু আমরা একই ভাষায় কথা বলি, আমাদের কালচার, খাওয়া-দাওয়া সবকিছু অনেক মিল। আমাদের সেন্টিমেন্ট এবং ফ্যামিলি ভ্যালুসের ক্ষেত্রেও আমরা একই সুতোয় গাঁথা। তবে দুই ইন্ডাস্ট্রির প্যাটার্ন বা নিয়মগুলো আলাদা। বাংলাদেশে সিনেমা বা ওয়েব সিরিজের শুটিং লম্বা সময় ধরে হয়, আর নাটকগুলো খুব দ্রুত শুট করা হয়।’
দুই দেশের শিল্পীদের আদান-প্রদানের বিষয়ে প্রশ্নের জবাবে তাসনিয়া ফারিণ বলেন, ‘অবশ্যই হওয়া উচিত। এতে ইন্ডাস্ট্রির পরিসর বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিকভাবে মঙ্গলজনক হবে। যখন দুই দেশ এক হয়ে কাজ করবে, তখন আরও বড় বড় ছবি তৈরি হবে এবং একটি বিস্তৃত দর্শক শ্রোতার কাছে পৌঁছানো সম্ভব হবে।’
ম.র





