ফাইল ছবি
‘ফিডব্যাক’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও গিটারিস্ট সেলিম হায়দার প্রয়াণ করেছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। খ্যাতিমান এই শিল্পীর অকাল প্রয়াণে সহকর্মী এবং ভক্তদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।
প্রায় এক মাস আগে সেলিম হায়দারের প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে। নিয়মিত চিকিৎসার পর সাময়িক সুস্থ হলেও সাম্প্রতিক দিনগুলোতে তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে। বৃহস্পতিবার রাতেই তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
গীতিকার ও কিংবদন্তি শিল্পী রুনা লায়লা গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, “আজ বাংলাদেশ এক অত্যন্ত প্রতিভাবান শিল্পীকে হারাল। গত ৩০ বছর ধরে তিনি আমার সঙ্গে বাজিয়েছেন। আমরা প্রায় সারা বিশ্ব ঘুরে একসঙ্গে কনসার্ট করেছি। তিনি ছিল আমার ব্যান্ডের এক অপরিহার্য সদস্য। প্রতিটি সুর, প্রতিটি গান তার মুখস্থ ছিল। নিজের কাজে ছিলেন ভীষণ নিবেদিত। আশা করতাম, খুব শিগগির সুস্থ হয়ে আবার আমার কনসার্টে বাজাবেন… কিন্তু সেটি আর হলো না।”
রুনা লায়লা আরও লিখেছেন, “তার এমন অকাল প্রয়াণে আমি হতভম্ব, হৃদয় ভেঙে গেছে। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন এবং তার আত্মাকে শান্তিতে রাখুন। আমিন।”
শুক্রবার বাদ জুমা রাজধানীর হাতিরপুল পুকুরপাড় জামে মসজিদে সেলিম হায়দারের জানাজা অনুষ্ঠিত হয়। তাকে আজিমপুর কবরস্থানে সমাহিত করা হবে। সেলিম হায়দার মূলত লিড গিটারিস্ট ছিলেন, তবে বেস, ড্রামস ও কি-বোর্ডেও পারদর্শী ছিলেন। তার সংগীত পরিচালনায় ফিডব্যাকের দুটি জনপ্রিয় গান হলো ‘এইদিন চিরদিন রবে’ ও ‘ওই দূর থেকে দূরে’।
ম. র





