অভিনেতা মুকিত জাকারিয়া
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মুকিত জাকারিয়া। স্ত্রীর অসুস্থতার মধ্যেও রাত ৪টায় পরোটা খাওয়ার একটি ঘটনা বলতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে মুকিত জাকারিয়া বলেন, ‘রাত ৪টায় বললাম, “ও বউ, পরোটা খাইয়ুম।” স্ত্রী ১০২ ডিগ্রি জ্বর নিয়ে গরম পরোটা করে খাওয়ালো। আলহামদুলিল্লাহ।’
অভিনেতার এই বক্তব্য প্রকাশ্যে আসার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।
নেটিজেনদের অনেকেই প্রশ্ন তুলেছেন, ১০২ ডিগ্রি জ্বরে অসুস্থ একজন মানুষকে দিয়ে রাত ৪টায় খাবার তৈরি করানো কতটা মানবিক বা যৌক্তিক।
একজন নেটিজেন লিখেছেন, ‘মানুষ কতটা নির্লজ্জ হলে নিজের বউয়ের ১০২ ডিগ্রি জ্বরের খবর রাখে না, আবার ওই অবস্থায় পরোটা খাওয়ার বিষয়টি নিয়ে বলছে!’ আরেকজন লেখেন, ‘১০২ ডিগ্রি জ্বরে ভোগা বউকে দিয়ে রাত ৪টায় পরোটা বানিয়ে নিয়ে সেটা আবার গর্ব করে বলে বেড়াচ্ছে।
এরা নাকি আবার শিল্পী!’
আরেকজনের মন্তব্য, ‘বউয়ের ১০২ ডিগ্রি জ্বর, তারপরও পরোটা খেতে মন চায় কীভাবে? মন চাইলেও বানাতে বললেন কীভাবে?’ মুকিতের বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন নানা মন্তব্য দেখা গেলেও, এ বিষয়ে অভিনেতার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
প্রসঙ্গত, টেলিভিশন বিজ্ঞাপনের মাধ্যমে পরিচিতি পান মুকিত জাকারিয়া। চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর হাত ধরে বিজ্ঞাপনমাধ্যমে তার পথচলা শুরু। পরবর্তী সময়ে টিভি নাটক ও টেলিফিল্মে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি।
ম.র





