ফাইল ছবি
দুবাইয়ে নিজের নামে নামকরণ করা বিলাসবহুল বাণিজ্যিক টাওয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। সেখানে তিনি নিজের জীবনের এক গভীর ও আবেগঘন মুহূর্তের কথা জানিয়েছেন, যা তার জীবনকে এক অন্য দিক দেখিয়েছে। অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন দীর্ঘদিনের বন্ধু ও জনপ্রিয় পরিচালক ফারাহ খান।
শাহরুখ বলেন, “খুব অল্প বয়সেই আমি আমার বাবা-মাকে হারিয়েছি। মনে হয়েছিল, তারা আকাশের তারা হয়ে গেছে। তারা আর আমাকে দেখতে পারবে না।” তিনি বলেন, এই শোকই তাকে আরও কঠোর পরিশ্রমী ও দৃঢ়প্রতিজ্ঞ করে তুলেছে। তিনি বিশ্বাস করেন, আল্লাহর কৃপায় তার জীবনে অনেক অপ্রত্যাশিত সাফল্য এসেছে।
তিনি আরও জানান, তার জন্য জীবনের সবচেয়ে বড় মুহূর্তগুলোর মধ্যে অন্যতম— লন্ডনে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবির জন্য তার ব্রোঞ্জের মূর্তি স্থাপন, জাতীয় পুরস্কার অর্জন, দুবাইয়ে নিজের নামে টাওয়ার নির্মাণ এবং ব্যক্তিগত বাড়ি। শাহরুখ বলেন, “কখনও ভাবিনি যে পৃথিবীতে এত কিছু আমার জন্য অপেক্ষা করছে। আমার বাবা-মা নিশ্চয়ই জান্নাত থেকে এসব দেখছেন। এটাই আমার জীবনের বদলের মুহূর্ত।”
ম.র





