ফাইল ছবি
অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ছোট পর্দা থেকে বড় পর্দায় নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। টেলিভিশন নাটক ‘নট আউট’-এর মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তিনি। এরপর ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের মাধ্যমে সিনেমা ক্যারিয়ার শুরু করেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত নিজস্ব মতামত ও অনুভূতি শেয়ার করেন ভাবনা।
সম্প্রতি তিনি একটি পোস্টে ব্যক্তিগত ও চারপাশের বিষয় নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেছেন, যেখানে একজন প্রতারক পুরুষের বিশ্বাসঘাতকতা এবং আল্লাহর ন্যায্যতার বিষয় তুলে ধরেছেন। যদিও কোনো নির্দিষ্ট ব্যক্তি বা ঘটনা উল্লেখ করেননি, পোস্টটি দর্শক ও অনুরাগীদের মধ্যে আলোচনা সৃষ্টি করেছে।
নিজের পোস্টে ভাবনা লিখেছেন, “একজন প্রতারক পুরুষ তার বিশ্বাসঘাতকতা গোপন রাখে, কিন্তু আল্লাহ তা প্রকাশ করে দেন সেই নারীকে রক্ষা করার জন্য যাকে সে কষ্ট দিচ্ছে। কারণ আল্লাহ এমন সব কিছু দেখেন যা সে দেখতে পায় না।”
তিনি আরও যোগ করেছেন, “তার অনুপস্থিতিতে বলা প্রতিটি মিথ্যা, নীরবে ভেঙে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি—যখন সে কাঁদছিল এবং পুরুষটি ভান করছিল যে সব ঠিক আছে—প্রতিটি মুহূর্ত আল্লাহর নিকট দৃশ্যমান।”
ভাবনা বলেন, “একজন পুরুষ হয়তো মনে করতে পারে যে, সে এত চালাক যে তার কৃতকর্মের চিহ্ন মুছে ফেলতে পারবে, কিন্তু লুকানো কিছুই চিরকাল লুকিয়ে থাকে না। আল্লাহ সত্য প্রকাশ করেন তাকে ধ্বংস করার জন্য নয়, বরং তার হৃদয়কে যন্ত্রণার জীবন থেকে রক্ষা করার জন্য।”
শেষে তিনি লিখেছেন, “বিশ্বাসঘাতকতা হয়তো গোপনে করা হয়, কিন্তু তার প্রকাশ হলো ঐশ্বরিক সুরক্ষা। যখন আল্লাহ পর্দা সরিয়ে দেন, তখন তা শাস্তি নয়, তা হলো উদ্ধার। আর এখন আমি গর্বের সাথে বলতে পারি আলহামদুলিল্লাহ।”
ম.র





