ফাইল ছবি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকেট অবমুক্ত করা হয়েছে। একইসঙ্গে ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড এবং একটি বিশেষ সিলমোহরও উদ্বোধন করা হয়।
বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খামে বিশেষ সিলমোহর ব্যবহার করে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এসময় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে দেশবাসীকে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অবমুক্ত করা স্মারক ডাকটিকেট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড আজ থেকেই ঢাকা জিপিওর ফিলাটেলিক ব্যুরোতে বিক্রি শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য জিপিও এবং প্রধান ডাকঘরগুলো থেকেও সংগ্রাহক ও সাধারণ গ্রাহকরা এগুলো সংগ্রহ করতে পারবেন।
ম.র





