মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ , ১৬ চৈত্র ১৪৩২

Aporup Bangla

গ্লোবাল সামিটে ডা. জুবাইদা

শিশুদের যত্ন ও শিক্ষাই জাতির ভবিষ্যতের ভিত্তি

জাতীয়

অপরুপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৮, ২৫ মার্চ ২০২৬

সর্বশেষ

শিশুদের যত্ন ও শিক্ষাই জাতির ভবিষ্যতের ভিত্তি

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ডি.সি.-তে আয়োজিত “ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন সামিট”-এ অংশ নিয়ে ডা. জুবাইদা রহমান বলেছেন, একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে শিশুদের যথাযথ যত্ন, শিক্ষা ও মূল্যবোধের ওপর।

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ২৪–২৫ মার্চ ২০২৬ অনুষ্ঠিত এই দুই দিনের সম্মেলনে বিশ্বের ৪০টিরও বেশি দেশের ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের সহধর্মিণীরা অংশ নেন। শিশুদের কল্যাণ ও সম্ভাবনা উন্নয়নে এটি একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।

মঙ্গলবার (২৪ মার্চ) মার্কিন পররাষ্ট্র দপ্তরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান শিশুদের নিরাপদ পরিবেশে বেড়ে ওঠা, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরেন। তিনি ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’ প্রকল্পের মাধ্যমে পরিবারগুলোর আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করার উদ্যোগের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, “প্রতিটি শিশুর জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি।” পাশাপাশি শিক্ষাক্ষেত্রে ডিজিটাল সরঞ্জামের ব্যবহার ও এডটেকের মাধ্যমে বৈষম্য কমানোর ওপর গুরুত্বারোপ করেন।

ডা. জুবাইদা রহমান বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়ে বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক, সহনশীল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।

সম্মেলনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের শীর্ষ ১১টি প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রদর্শনী পরিদর্শন করেন তিনি, যেখানে শিশুদের শিক্ষার উন্নয়নে উদ্ভাবনী প্রযুক্তি তুলে ধরা হয়।

নারী ক্ষমতায়নের প্রসঙ্গে তিনি বলেন, নারী এগিয়ে গেলে শিশুদের উন্নয়নও ত্বরান্বিত হয়। তিনি বাংলাদেশের পূর্ববর্তী নেতৃত্বের অবদান উল্লেখ করে নারীর শিক্ষা ও কর্মসংস্থানে অগ্রগতির কথা তুলে ধরেন।

বুধবার (২৫ মার্চ) হোয়াইট হাউসে অনুষ্ঠিত সমাপনী অধিবেশনে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

এই সফরে ডা. জুবাইদা রহমানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, চিকিৎসা কর্মকর্তা ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ এবং নারী উদ্যোক্তা মেহনাজ মান্নানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

ম.র

Bijoy

সর্বশেষ

জনপ্রিয়