ফাইল ছবি
ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম–৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বিএনপি নেতাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে দায় চাপানোর একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র।
শনিবার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে রিজভী বলেন, হামলার মাত্র এক থেকে দুই ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট ছড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে কোনো তদন্ত ছাড়াই বিএনপি নেতাকে দোষারোপ করা হয়েছে।
রিজভী আরও বলেন, হাদির ওপর হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে। তিনি দেশের শত্রুদের বিরুদ্ধে কথা বলায় টার্গেট হয়েছেন এবং এটি তার অপরাধ নয়। পুলিশ কমিশনার জানিয়েছে, হামলার সঙ্গে জড়িতদের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
রিজভী সবাইকে আহ্বান জানান, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব আব্দুস সালাম প্রমুখ।
ম. র





