ফাইল ছবি
অথর্ব নির্বাচন কমিশনের অধীনে কোনোভাবেই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার (১৫ ডিসেম্বর) শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের উদ্যোগে ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “আজ আমরা এখানে একটি স্পষ্ট বার্তা দিতে একত্রিত হয়েছি—বাংলাদেশ ও জুলাই বিপ্লবীরা ঐক্যবদ্ধ। ওসমান হাদির শরীরে গুলি লাগার অর্থ জুলাই বিপ্লবের ওপর হামলা। বাংলাদেশ যতবার আক্রান্ত হয়েছে, তরুণরা ততবারই রাজপথে নেমেছে।”
তিনি দাবি করেন, ৫ আগস্টের পরও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি এবং পরিকল্পিতভাবে জুলাই বিপ্লবীদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। এ প্রসঙ্গে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে বলেন, “নৈতিকভাবে তিনি আর এই পদে থাকার যোগ্য নন।”
নির্বাচন কমিশনকে কঠোর ভাষায় সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, প্রধান নির্বাচন কমিশনার ওসমান হাদির ওপর হামলাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে যে বক্তব্য দিয়েছেন, তার পর তার ওই পদে থাকার কোনো নৈতিক অধিকার নেই। তিনি অবিলম্বে ওই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান।
তিনি আরও বলেন, “ওসমান হাদির ওপর গুলির ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”
আগামী বিজয় দিবসকে সামনে রেখে তিনি বলেন, ১৬ ডিসেম্বর শুধু বিজয়ের দিন নয়, এটি প্রতিরোধের যাত্রারও স্মারক। “ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যে প্রতিরোধ শুরু হয়েছিল, তা আজও অব্যাহত। আগামীকাল সারা দেশে সেই প্রতিরোধের ডাক দেওয়া হবে,” বলেন তিনি।
নাহিদ ইসলাম সতর্ক করে বলেন, “ভারত যদি মনে করে ৫ আগস্টের পরও বাংলাদেশের রাজনীতিতে আগের মতো হস্তক্ষেপ বা নির্বাচন প্রভাবিত করা যাবে, তবে তারা ভুল করছে।”
ম. র





