মঙ্গলবার, ০২ জুন ২০২৬ , ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

Aporup Bangla

‘হ্যাঁ’ ভোটেই নতুন বাংলাদেশের ডাক: জামায়াত আমির

রাজনীতি

অপরুপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৬, ২ ফেব্রুয়ারি ২০২৬

সর্বশেষ

‘হ্যাঁ’ ভোটেই নতুন বাংলাদেশের ডাক: জামায়াত আমির

ফাইল ছবি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ চায় না, তারা আসলে পুরোনো ব্যবস্থাকেই আঁকড়ে ধরে রাখতে চায়। একসময় যারা মুখ লুকিয়ে চলত এবং প্রকাশ্যে কোনো অবস্থান নিত না, তারাও এখন বাস্তবতার চাপে ‘হ্যাঁ’-এর পক্ষে কথা বলতে বাধ্য হয়েছে। তবে তিনি বলেন, আমরা চাই তাদের মুখের কথার সঙ্গে বুকের কথার মিল থাকুক।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের পদুয়া এসি এম উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোট আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘হ্যাঁ’-এর বিপক্ষে যারা অবস্থান নেবে, বাংলাদেশের ১৮ কোটি মানুষ তাদের ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার অপচেষ্টাকারী হিসেবেই বিবেচনা করবে।

তরুণ সমাজের উদ্দেশে তিনি বলেন, দেশের যুবসমাজ দীর্ঘদিন ধরে ন্যায়বিচার, নিরাপত্তা ও সম্মানজনক জীবনের দাবি জানিয়ে আসছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য ‘হ্যাঁ’ ভোট অত্যন্ত জরুরি। বিশেষ করে তরুণদের প্রথম ভোট যেন ‘হ্যাঁ’-এর পক্ষেই যায়—সে আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি ১২ তারিখ তরুণদের ঐক্যবদ্ধ হয়ে বিজয় নিশ্চিত করার কথাও বলেন।

জামায়াতের আমির বলেন, “আমরা কোনো দলের বিজয় চাই না, আমরা চাই ১৮ কোটি মানুষের বিজয়। জনগণের বিজয় মানেই সবার বিজয়। কিন্তু দল, পরিবার বা গোষ্ঠীর স্বার্থে অর্জিত বিজয় শেষ পর্যন্ত জাতির জন্য বিপর্যয় ডেকে আনে—এ ধরনের বিজয় আমরা প্রত্যাখ্যান করি।”

তিনি আরও বলেন, যুবসমাজ কখনো বেকার ভাতা চায়নি; তারা সম্মানের সঙ্গে কাজ করার সুযোগ চেয়েছে। আমরা যুবকদের হাতে অপমানজনক ভাতা নয়, তুলে দিতে চাই মর্যাদাপূর্ণ কর্মসংস্থান। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—সবাই একসঙ্গে কাজ করবে। ধর্ম বা দল নয়, দেশপ্রেম ও দক্ষতাই হবে মূল মানদণ্ড।

এই চেতনার ভিত্তিতেই একটি অসাম্প্রদায়িক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

জনসভায় দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জামায়াতের নায়েবে আমির আনম শামশুল ইসলাম এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার হামিদ হোসেন আজাদ।

ম. র

Bijoy

সর্বশেষ