ফাইল ছবি
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের (মোমবাতি প্রতীক) সংসদ সদস্য প্রার্থী এস এম শাহজাহানের নির্বাচনী অফিসে গভীর রাতে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
রোববার (১ ফেব্রুয়ারি) ভোররাত আনুমানিক ৩টার দিকে আনোয়ারা উপজেলার ১০ নম্বর হাইলধর ইউনিয়নের মধ্যম খাসখামা এলাকার (১ নম্বর ওয়ার্ড) নির্বাচনী অফিসে এ হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা অফিসে ঢুকে চেয়ার-টেবিল ভাঙচুর করে এবং ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলে।
ঘটনার পর খাসখামা (১ নম্বর ওয়ার্ড) কেন্দ্র কমিটির সচিব কাজী মোহাম্মদ আলী আনোয়ারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রায় এক সপ্তাহ আগে ওই এলাকায় নির্বাচনী অফিস স্থাপন করা হয় এবং শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম চলছিল। পরিকল্পিতভাবে নির্বাচনী কার্যক্রমে বাধা দিতেই এ হামলা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ঘটনাটি এলাকায় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি করেছে।
ম.র





