ফাইল ছবি
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা চাই দুর্নীতিবাজ, ব্যাংক ডাকাত ও ঋণখেলাপি মুক্ত বাংলাদেশ। তরুণ সমাজ জেগে উঠেছে, যা ডাকসু, চাকসুসহ ছাত্রসংসদে ভোটের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি জনতার রায়ে বাংলাদেশের পথ নির্ধারিত হবে।”
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে সীতাকুণ্ড আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতের আমির আরও বলেন, “যে কেউ টাকা দিয়ে ভোট কিনতে আসবে, তাকে আইনের হাতে তুলে দিতে হবে। আগে একটি স্লোগান ছিল—‘আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব’। এবার তা হবে না। যারা ভোট দিতে আসবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি নেতাকর্মীদেরও সতর্ক করে বলেন, “বিজয়ের আগে বিশ্রাম নেওয়া যাবে না। বিগত ১৫ বছরে আমরা মজলুম ছিলাম, কিন্তু গত ১৬ মাসে একটি দল চাঁদাবাজ হয়ে উঠেছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যদি তারা বিজয়ী হয়, তাদের দুর্নীতির স্বপ্ন ধুলিস্যাৎ হবে।”
চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শাহজাহান এবং উত্তর জেলা জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ আমিরুজ্জামান।
ম.র





