শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩

Aporup Bangla

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ জাতীয় রাজনীতির ঐতিহাসিক মুহূর্ত: জামায়াত আমির

রাজনীতি

অপরুপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫২, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

সর্বশেষ

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ জাতীয় রাজনীতির ঐতিহাসিক মুহূর্ত: জামায়াত আমির

ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান–কে দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে অগ্রিম অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে দেওয়া এক বক্তব্যে তিনি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎকে জাতীয় রাজনীতির জন্য একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, তারেক রহমান তার আবাসিক কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জামায়াত আমির বলেন, সংলাপ ও দায়িত্বশীলতার মাধ্যমে এই সাক্ষাৎ রাজনৈতিক পরিপক্কতা ও পারস্পরিক শ্রদ্ধার নতুন অধ্যায়ের সূচনা করবে বলে তিনি প্রত্যাশা করেন।

ফ্যাসিবাদমুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রের প্রত্যাশা

ডা. শফিকুর রহমান বলেন, তিনি এমন একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন যা হবে ফ্যাসিবাদমুক্ত, সার্বভৌম এবং ইনসাফ ও ন্যায়বিচারের ভিত্তিতে প্রতিষ্ঠিত। তিনি জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১-দলীয় জোটের সঙ্গে মিলিতভাবে একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও আধুনিক রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ, যা গণতান্ত্রিক মূল্যবোধ ও সাংবিধানিক শাসনের ভিত্তিতে পরিচালিত হবে।

তিনি আরও বলেন, আলোচনায় তারেক রহমান নির্বাচন-পরবর্তী সহিংসতা এবং বিরোধী দলের কর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। এ আশ্বাসকে তিনি স্বাগত জানান এবং আশা প্রকাশ করেন, দেশের কোনো নাগরিক যেন ভীতি বা নিরাপত্তাহীনতার শিকার না হন।

গঠনমূলক বিরোধী রাজনীতির অঙ্গীকার

জামায়াত আমির বলেন, জাতীয় স্বার্থে নির্বাচিত সরকারকে পূর্ণ সহযোগিতা দেওয়া হবে। তবে একটি আদর্শিক বিরোধী দল হিসেবে সাংবিধানিক দায়িত্ব পালনে তারা আপসহীন থাকবেন। জনকল্যাণমূলক কাজে সমর্থন থাকবে, কিন্তু জবাবদিহিতার প্রয়োজন হলে তারা সোচ্চার ভূমিকা পালন করবেন।

তিনি বলেন, তাদের উদ্দেশ্য সংঘাত সৃষ্টি নয়, বরং সংশোধন ও পর্যবেক্ষণের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করা। দেশের জনগণ এমন একটি সংসদ প্রত্যাশা করে, যা ন্যায়বিচার ও নাগরিক অধিকার রক্ষা করবে এবং স্থিতিশীলতার সঙ্গে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাবে।

ম.র

Bijoy

সর্বশেষ

জনপ্রিয়