ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত। দুই দেশের পরবর্তী কনস্যুলার সংলাপের তারিখ পারস্পরিক সুবিধা অনুযায়ী নির্ধারণ করা হবে বলে জানিয়েছে দেশটি। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে বিভিন্ন বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনা ও বৈঠক অব্যাহত রয়েছে। বাণিজ্য, রেল যোগাযোগ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আলোচনা হচ্ছে।
পরবর্তী কনস্যুলার সংলাপের বিষয়ে তিনি বলেন, দুই দেশের পারস্পরিক সুবিধাজনক সময়ে এ সংলাপ অনুষ্ঠিত হবে। এতে সংশোধিত ভ্রমণব্যবস্থাসংক্রান্ত বিষয়গুলোও আলোচনায় আসবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, বিদ্যমান প্রাতিষ্ঠানিক ব্যবস্থার আওতায় বাংলাদেশের সঙ্গে সব ধরনের দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে ভারত। এ ক্ষেত্রে কারিগরি পর্যায়েও আলোচনা হতে পারে।বাংলাদেশ সংবাদ
উল্লেখ্য, আগামী ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে পঞ্চম দফার কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়।
কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে দীর্ঘদিন ধরে প্রস্তুতি চলা কনস্যুলার সংলাপের ওপরও।
ম.র





