ফাইল ছবি
জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া ও ব্যবসায়ী সৈয়দ রিফাত নাওঈদ হোসেন-এর দাম্পত্য জীবন পূর্ণ করেছে দুই বছর। ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি কক্সবাজারের সমুদ্রসৈকতে ঘরোয়া আয়োজনের মাধ্যমে তারা বিয়ে করেছিলেন।
দ্বিতীয় বিবাহবার্ষিকী উপলক্ষে বিয়ের অজানা স্মৃতি স্মরণ করে স্পর্শিয়া জানালেন, বিয়ের আগের রাতেও তিনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। তিনি বলেন, “আমি খুব নার্ভাস হয়ে গিয়েছিলাম, ঘোরের মধ্যে ছিলাম, খুব ভয় পাচ্ছিলাম। এমনকি আগের রাতে সরাসরি নাওঈদকে বলেছিলাম—আমি বিয়েটা করতে চাই না।”
তবে হবু স্বামীর শান্ত ও ইতিবাচক আচরণ পরিস্থিতি বদলে দেয়। স্পর্শিয়া বলেন, “নাওঈদ আমাকে আশ্বস্ত করেছিলেন, বিয়ে বাধ্যতামূলক নয়; শুধু স্টেজে গিয়ে ছবি তুলবেন আর আনন্দ করবেন। আমি এখনো ওকে বলি, তুমি আমাকে ম্যানিপুলেট করে বিয়ে করেছ।”
পরিবারের সমর্থনও তার সাহস যোগায়। স্পর্শিয়া জানান, পরিবার বলেছিল, ‘কবুল’ বলতে না চাইলে বলার দরকার নেই, সবাই মিলে শুধু উৎসব পালন করুন।
সব মিলিয়ে বর্তমানে সংসার জীবন নিয়ে বেশ সুখে আছেন অভিনেত্রী। ২০১১ সালে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা স্পর্শিয়া নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। শাকিব খানের সঙ্গে ‘নবাব এলএলবি’, ‘কাঠবিড়ালী’ ও ‘আবার বসন্ত’ সিনেমায় তার পারফরম্যান্স বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
ম.র





