শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩

Aporup Bangla

বিদেশি পর্যবেক্ষকদের কার্যক্রম নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরির উদ্যোগ ইসির

জাতীয়

অপরুপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫০, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

সর্বশেষ

বিদেশি পর্যবেক্ষকদের কার্যক্রম নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরির উদ্যোগ ইসির

ফাইল ছবি

সদ্য সমাপ্ত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী বিদেশি পর্যবেক্ষকদের সামগ্রিক কার্যক্রম নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন ও ডকুমেন্টেশন তৈরির উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ উদ্দেশ্যে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে ৩৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

কমিটিতে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের পাশাপাশি তথ্য অধিদপ্তর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর এবং গণযোগাযোগ অধিদপ্তরের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসির সিনিয়র সহকারী সচিব আসমা দিলারা জান্নাত (প্রকাশনা ও ডকুমেন্টেশন)। সদস্য সচিব করা হয়েছে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উপপরিচালক/সম্পাদক মামুন অর রশিদকে। এছাড়া উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ ফখরুল ইসলাম, ইসির পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিকসহ এনআইডি উইং, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ও গণযোগাযোগ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা কমিটিতে রয়েছেন।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিশনের আমন্ত্রণে বিশ্বের বিভিন্ন দেশের ৫৭ জন বিদেশি পর্যবেক্ষক অংশ নেন। তাদের বিমানবন্দরে অভ্যর্থনা, আবাসন ব্যবস্থা, দর্শনীয় স্থান পরিদর্শন এবং ভোটকেন্দ্র পরিদর্শনের মতো কার্যক্রমের ছবি ও তথ্য সংরক্ষণ করে একটি স্থায়ী ডকুমেন্টেশন তৈরি করা হবে।

ভবিষ্যতে রেফারেন্স হিসেবে ব্যবহারের জন্য প্রতিবেদনটি বই আকারে প্রকাশ ও সংরক্ষণ করার পরিকল্পনা রয়েছে।

কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে— বিদেশি পর্যবেক্ষকদের কার্যক্রম নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রণয়ন, তাদের দেওয়া মূল্যায়ন প্রতিবেদন সংগ্রহ ও সংরক্ষণ, বিভিন্ন কার্যক্রমের লিখিত বিবরণ ও স্থিরচিত্র সংকলন এবং সব উপাত্তের ভিত্তিতে চূড়ান্ত প্রকাশনা প্রস্তুত করা।

ম.র

Bijoy

সর্বশেষ