ছবি : প্রতিনিধি
তিন বছর পর প্রথম বিভাগ হকি লিগ আগামী শনিবার থেকে শুরু হচ্ছে। এবার লিগে ১১ দল অংশগ্রহণ করবে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতি দল দশ ম্যাচ খেলবে। চ্যাম্পিয়ন দল প্রিমিয়ার আর সর্বনিম্ন পয়েন্টধারী দল রেলিগেটেড হয়ে দ্বিতীয় বিভাগে খেলবে।
হকি লিগে আম্পায়ারিং নিয়ে বিতর্ক হয় অনেক। খেলোয়াড়-কোচরা আম্পায়ারের সিদ্ধান্ত মানতে চান না। আসন্ন লিগে এবার সেই ঘটনার ব্যতয় ঘটানোর আশা আম্পায়ার্স বোর্ডের সেক্রেটারি নাজিরুল ইসলামের,' আমরা ক্লাবগুলোর সঙ্গে আজ বসছি। খেলার নতুন নিয়মগুলো আম্পায়াররা তাদের অবগত করছে। সবাইকে আইন মানতে হবে। না মানলে বাইলজ ও হকির আইন অনুযায়ী ব্যবস্থা হবে।’
তিন বছর আগে প্রথম বিভাগ লিগেও বিদেশি খেলোয়াড় ছিল। এবার বিদেশি খেলোয়াড় নেই। এর কারণ সম্পর্কে প্রথম বিভাগ লিগ কমিটির সেক্রেটারি ইউসুফ আলী বলেন, ‘আমাদের খেলোয়াড় সংকট রয়েছে। বিদেশি খেলোয়াড় এসে খেললে দেশি খেলোয়াড়রা সুযোগ পায় না। এজন্য প্রথম বিভাগে বিদেশি খেলোয়াড় রাখা হয়নি।’
প্রথম বিভাগের দলগুলো হচ্ছে-ওয়ারী ক্লাব, ফরাশগঞ্জ এসসি, হকি ঢাকা ইউনাইটেড, শিশু-কিশোর সংঘ, পিডব্লিউডি এসসি, ঢাকা ওয়ান্ডারার্স, কম্বাইন্ড এসসি, রায়েরবাজার এসসি, মুক্ত বিহঙ্গ তরুণ সংঘ, ঢাকা ইয়াং স্টার ও ব্যাচেলর এসসি। অংশ নিতে যাওয়া ১১ ক্লাবকে ফেডারেশন অনুদান দিচ্ছে আড়াই লাখ টাকা করে।
ম.র





