ফাইল ছবি
দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে মাঝ আকাশে সন্ত্রাসী হামলার চেষ্টা ঠেকিয়ে ১৭৪ যাত্রীর জীবন বাঁচানো ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে সম্মান জানাতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব আনা হয়েছে। উড়োজাহাজে হামলা ঠেকিয়ে যাত্রীদের জীবন রক্ষায় সাহসিকতার জন্য তাকে সম্মান জানানোর পাশাপাশি উড়োজাহাজটির ক্রু ও যাত্রীদেরও স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানায়, গত ৫ অক্টোবর মার্কিন কংগ্রেস সদস্য জশ গটহাইমার, ডন বেকন ও মাইকেল ম্যাককল প্রস্তাবটি উত্থাপন করেন। পরে তা প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটিতে পাঠানো হয়।
প্রস্তাবে বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের উদ্দেশে উড্ডয়ন করে ফ্লাইদুবাইয়ের ১০৭৩ নম্বর ফ্লাইট। বোয়িং ৭৩৭ উড়োজাহাজটিতে প্রায় ১৭৪ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে চারজন মার্কিন নাগরিক ও ২৭ জন শিশু ছিলেন।
উড্ডয়নের পর ৩৪ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় সহকারী পাইলট উড়োজাহাজটি দ্রুত নিচে নামাতে শুরু করেন।
মাচ্ছার তাকে বাধা দিতে গেলে সহকারী পাইলট তার ওপর হামলা চালান এবং একাধিকবার ছুরিকাঘাত করেন।
এ সময় ৩০ সেকেন্ডেরও কম সময়ে উড়োজাহাজটি ১৬ হাজার ফুটের বেশি নিচে নেমে যায়।
গুরুতর আহত হওয়ার পরও ১৩ বছরের অভিজ্ঞ পাইলট মাচ্ছার হামলাকারীকে প্রতিহত করেন। পরে নিজের অবশিষ্ট শক্তি দিয়ে কৌশলে ককপিটের দরজা খুলে দেন।
এর ফলে দায়িত্বে না থাকা অন্য পাইলটরা ককপিটে ঢুকে উড়োজাহাজের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হন। একই সময়ে ক্রু সদস্য ও যাত্রীরা হামলাকারী সহকারী পাইলটকে ধরে ফেলেন।
পরে উড়োজাহাজটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। যাত্রী ও ক্রুদের সবাইকে নিরাপদে বের করে আনা হয়।
প্রস্তাবে সংযুক্ত আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেলের গত ৩ অক্টোবরের ঘোষণার কথাও উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, তদন্তে সহকারী পাইলটের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টার প্রমাণ পাওয়া গেছে।
মার্কিন প্রতিনিধি পরিষদের প্রস্তাবে ক্যাপ্টেন মাচ্ছারের পাশাপাশি দায়িত্বে না থাকা পাইলট, কেবিন ক্রু ও যাত্রীদেরও প্রশংসা করা হয়েছে। উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করাতে তাদের ভূমিকার স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে।
এ ঘটনায় ভারতীয় এই পাইলটের সাহসিকতার প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারা মাচ্ছারকে ‘নায়ক’ হিসেবে অভিহিত করেছেন।
ম.র





