মিজানুর রহমান
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকার নিউগিনি প্রোপার্টিজের আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলা হয়েছে। ওই মামলার ৯ নম্বর এজাহারনামীয় আসামি মিজানুর রহমানকে (৫৯) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
অভিযোগ রয়েছে, ওই হামলার সময় নিউগিনি প্রোপার্টিজের প্রকল্প এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়।
ডিবি সূত্র জানায়, গ্রেপ্তার মিজানুর রহমান কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল গফুরের জামাতা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বাংলানিউজকে এসব তথ্য জানান।
ডিবি সূত্রের দাবি, মিজানুরকে গ্রেপ্তারের সময় সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল গফুর ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তার উপস্থিতিতেই মিজানুরকে গ্রেপ্তার করা হয় বলে জানানো হয়েছে।
জানা গেছে, নিউগিনি প্রোপার্টিজের আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় রোববার (২৭ সেপ্টেম্বর) ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মো. সাইফুল ইসলাম ভূঁইয়া। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় নাম থাকা অন্য আসামিরা হলেন-শাহরিয়ার মাহমুদ, মো. আবুল কাশেম, মো. বাবুল হোসেন, মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরী, মোহাম্মদ শাহিনুজ্জামান, মতিউর রহমান, মজিবুর রহমান, নুরুল ইসলাম, এমকে আজাদ, মো. মামুন, মো. আসলাম ও মুন্না।
পুলিশ জানিয়েছে, মামলাটির তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মিজানুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে।
ম.র





