বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩

Aporup Bangla

জামিনেও নেই আপত্তি

এমপি গাজী নজরুলের সঙ্গে বাদীপক্ষের আপস

আইন আদালত

প্রকাশিত: ১৮:২২, ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৮:২৮, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

এমপি গাজী নজরুলের সঙ্গে বাদীপক্ষের আপস

গাজী নজরুল ইসলাম

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের সঙ্গে বাদীপক্ষের আপস হয়েছে। তাদের জামিনে বাদীপক্ষের কোনো আপত্তি নেই বলে আদালতকে জানানো হয়েছে।

আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে জামিন শুনানির সময় এ তথ্য জানানো হয়। মামলার বাদী ও নিহত মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ আদালতে আপসের বিষয়টি জানান। একই সঙ্গে গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামের জামিনে তার কোনো আপত্তি নেই বলেও জানান তিনি।
মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করা হয়।

মামলার নথি অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানার ন্যাম ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ওই সময় ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ ছিল।
পরে পুলিশের পাশাপাশি সিআইডির সহায়তায় দরজা খুলে ফ্ল্যাটে প্রবেশ করা হয়। সেখান থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়। তার কক্ষে কয়েকটি চিরকুট পাওয়া যায় বলেও মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পরদিন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলাটি করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, মাকছুদা ইসলাম ও ওবায়দুর রহমানকে আসামি করা হয়।

মামলা হওয়ার পর ওই রাতেই গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের আদালতে হাজির করা হয়।

আজ বুধবার মামলাটিতে গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামের জামিনের আবেদন নিয়ে শুনানি হয়। শুনানির সময় বাদীপক্ষের সঙ্গে তাদের আপসের বিষয়টি আদালতকে জানানো হয়।

ম.র

সর্বশেষ

জনপ্রিয়