ফাইল ছবি
বিএনপির দলীয় পরিচয়ের কারণে বিগত সরকারের সময়ে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত অনেক নেতাকর্মীর পরিবার যথাযথ সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
তবে তিনি স্পষ্ট করে বলেন, বর্তমান সরকার রাজনৈতিক দলীয় পরিচয় বিবেচনা না করে আন্দোলনে ক্ষতিগ্রস্ত সকলের পুনর্বাসন ও চিকিৎসা নিশ্চিত করবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ অভিযোগ করেন।
ইশরাক হোসেন বলেন, বিগত সময়ে কিছু পরিবার রয়েছে যাদের বিএনপি-সমর্থক হিসেবে চিহ্নিত করে পুনর্বাসন সহায়তা যথাযথভাবে দেওয়া হয়নি। এসব বিষয় এখন খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানান, আহত ও শহীদদের রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না; আন্দোলনে অবদান রাখা সবাইকে পুনর্বাসন, চিকিৎসা এবং প্রাপ্য সম্মান দেওয়া হবে।
প্রতিমন্ত্রী আরও জানান, জুলাই আন্দোলনের যোদ্ধাদের পুনর্বাসন বিষয়ে প্রধানমন্ত্রী খোঁজখবর নিয়েছেন। আহতদের চিকিৎসা, পুনর্বাসন, পরিবারের সদস্যদের শিক্ষা ও বিভিন্ন ভাতার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।
এছাড়া জুলাই ফাউন্ডেশন-এর অতীত কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলা হয়েছে বলে জানান তিনি। সরকারের পক্ষ থেকে দেওয়া বড় অঙ্কের তহবিল যথাযথভাবে ব্যবহৃত হয়েছে কি না, সে বিষয়েও প্রধানমন্ত্রী দিকনির্দেশনা দিয়েছেন বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
ম.র





